জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর কিশোরগঞ্জের এক সমাবেশে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।বক্তব্যে তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে 'ফজু পাগলা' এবং কিশোরগঞ্জের কলঙ্ক বলে উল্লেখ করেন। পাশাপাশি তার নাম মুছে ফেলার আহ্বানও জানান।
এই বক্তব্যের পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদ শুরু হয়। কিশোরগঞ্জের সন্তান ও জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার ফেসবুকে নাসিরুদ্দিন পাটোয়ারীকে 'বেয়াদব কমেডিয়ান' বলে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন।
তার স্ট্যাটাসে খায়রুল বাসার লেখেন, তার জন্মস্থান কিশোরগঞ্জ এবং তার বিশ্বাস, মানুষ থাকলে কোনো 'বেয়াদব কমেডিয়ান' সেখানে গিয়ে দাঁত কেলিয়ে আবর্জনা ছিটিয়ে আসতে পারত না। তিনি আরও লেখেন, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কিশোরগঞ্জের অহংকার, পরিচয়, কিংবদন্তি এবং বর্তমান কিশোরগঞ্জের কাণ্ডারি। কিশোরগঞ্জের সব ভদ্রলোক যদি মারা গিয়ে থাকে, তাহলে তিনি সেই মাটির সন্তান হিসেবে এই বেয়াদবির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।
খায়রুল বাসারের এই প্রতিবাদী বার্তার পর বিষয়টি আরও ব্যাপকভাবে আলোচনায় এসেছে। স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ জনগণের অনেকেই অভিনেতার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।