সন্তানকে সম্পত্তি লিখে দিলেও, বাবা-মা কি আজীবন সেই সম্পত্তি ভোগদখলের অধিকার রাখতে পারবেন? এমন একটি আইনি পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার, যা কমাতে পারে পারিবারিক বিরোধ ও সম্পত্তি সংক্রান্ত সিভিল মামলা।
সন্তানকে সম্পত্তি গিফট করার পরও বাবা-মায়ের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগদখলের অধিকার তাদের হাতেই রাখার বিধান যুক্ত করে ‘সম্পত্তি হস্তান্তর আইন’ সংশোধনের পরিকল্পনা করছে সরকার।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, এই পরিবর্তন কার্যকর হলে সম্পত্তির বণ্টন ও হিসাব-নিকাশ নিয়ে হওয়া দেওয়ানি বা সিভিল মামলার সংখ্যা অনেকটাই কমে আসতে পারে।
আইনমন্ত্রী জানান, মুসলিম আইনে হেবা, হিন্দু আইনে উইল এবং মুসলিম আইনে ওয়াসিয়তনামার বিধান রয়েছে। বর্তমানে হেবার মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের সঙ্গে সঙ্গে বাবা-মা সেই সম্পত্তির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে পরবর্তী সময়ে তারা সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। সন্তান দেখাশোনা না করলে অনেক ক্ষেত্রেই তারা অসহায় অবস্থায় পড়েন।
তিনি আরও বলেন, ‘ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট’-এ গিফটের একটি ধারা রয়েছে।১৯৬৩ সালের পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি রায়ের আলোকে সেখানে ‘ইউসুফ্রাক্ট রাইট’ বা জীবনস্বত্বের বিধান যুক্ত করার চিন্তাভাবনা করছে সরকার।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, সন্তানকে সম্পত্তি গিফট করার পরও বাবা-মা জীবদ্দশায় সেটি ভোগদখল করতে পারবেন। তাদের জীবদ্দশায় দুই পক্ষের সম্মতি ছাড়া কেউই ওই সম্পত্তি বিক্রি করতে পারবে না।
তবে চিকিৎসার মতো বিশেষ প্রয়োজনে সন্তান সম্মতি না দিলে জেলা জজের কাছে আবেদন করা যাবে। জেলা জজ বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন।
আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সংশোধনের ফলে ভবিষ্যতে সিভিল মামলা কমবে, পারিবারিক সমস্যার সমাধান সহজ হবে এবং জনগণের কল্যাণে প্রয়োজনীয় আইনগত পরিবর্তন অব্যাহত থাকবে।