শেয়ারবাজারে কারসাজি ও অর্থপাচারের মামলায় সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ মে দিন নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
এদিন প্রতিবেদন দাখিলের কথা থাকলেও দুর্নীতি দমন কমিশন তা জমা দেয়নি।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে ২৫৬ কোটি ৯৭ লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়, তারা সংশ্লিষ্ট বিও হিসাবে ধারাবাহিক লেনদেনের মাধ্যমে নির্দিষ্ট শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ান।
আবুল খায়ের ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৩০ কোটি টাকার উৎস গোপনের অভিযোগ আনা হয়েছে।
তার ১৭টি ব্যাংক হিসাবে ৫৪২ কোটির বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
সাকিব আল হাসানের বিরুদ্ধে প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
গত ১৭ মে দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এ মামলা দায়ের করেন।