আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনার অভিযোগে বাংলাদেশি জোবাইদুল আমিনকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে।
শুক্রবার এক সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার পরিচালক কাশ প্যাটেল।
তিনি জানান, জোবাইদুল ২০২২ সাল থেকে পলাতক ছিলেন এবং আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
৪ মার্চ তাকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নেওয়া হয়েছে।
আলাস্কার আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি নির্ধারিত রয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২২ সালে একটি ফেডারেল গ্র্যান্ড জুরি তাকে অভিযুক্ত করে।
অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপ্রাপ্তবয়স্কদের লক্ষ্যবস্তু বানাতেন তিনি।
ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের মাধ্যমে শিশুদের দিয়ে যৌনতামূলক ছবি ও ভিডিও তৈরি করানো হতো।
মালয়েশিয়ায় অবস্থানকালে তিনি চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করছিলেন।
দোষী সাব্যস্ত হলে তার ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানানো হয়েছে।